আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত ‘পায়ের তলায় মাটি নেই’ এবার ওটিটিতে

আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত ‘পায়ের তলায় মাটি নেই’ এবার ওটিটিতে
Advertisement
Advertisement

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দীর্ঘ পথচলার পর অবশেষে অনলাইনে মুক্তি পাচ্ছে  ‘পায়ের তলায় মাটি নাই’। ৩০ মে ঈদ-উল-আজহা উপলক্ষে এটি মুক্তি দেবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

মোহাম্মদ রব্বী মৃধা পরিচালিত সিনেমাটি প্রথম আলোচনায় আসে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবে সিনেমাটি ব্যাপক প্রশংসা পায়।

এরপর ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নেয় সিনেমাটি। একই বছর ও পরের বছর ভারত, শ্রীলঙ্কা, জাপান ও নেপালের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় এটি।

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশীয় বিভাগে ছিল সিনেমাটি। পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়। শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেশটির দর্শক সিনেমাটি দেখেন। জাপানের ওসাকা এশীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এটি।

পরে অস্ট্রিয়া, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন উৎসবেও অংশ নেয় সিনেমাটি। মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কারের জন্য মনোনয়নও পায়।

আরও পড়ুন

উৎসব ঘুরে সিনেমাটি জিতেছে একাধিক পুরস্কার। জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পায়। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জেতে সেরা চলচ্চিত্রের পুরস্কার। কলকাতার বিশ্ব চলচ্চিত্র উৎসবে পায় আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংস্থার পুরস্কার।

২০২৩ সালে অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের পক্ষ থেকেও পাঠানো হয় সিনেমাটি।

জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। গল্পের কেন্দ্রে আছেন সাইফুল নামের এক অ্যাম্বুলেন্সচালক। দুই স্ত্রীকে নিয়ে টানাপোড়েনের জীবনে তিনি ধীরে ধীরে জড়িয়ে পড়েন প্রতারণা, সহিংসতা ও অপমানের এক অন্ধকার জগতে।

সিনেমাটিতে অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, দীপান্বিতা মার্টিন ও মোস্তফা মনোয়ার।

সিনেমাটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। তার প্রতিষ্ঠান গল্প রাজ্য ফিল্মসের ব্যানারে এটি নির্মিত হয়েছে। সহপ্রযোজনায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম ও বাতায়ন প্রোডাকশনস। নির্বাহী প্রযোজক ছিলেন মীর মুকাররম হোসেন।

আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। এক সমালোচক লিখেছিলেন, এটি বাংলাদেশের চলচ্চিত্রের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ উদাহরণ।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার বিশ্বের দর্শক ঘরে বসেই দেখতে পারবেন ‘পায়ের তলায় মাটি নাই’। নির্মাতাদের আশা, অনলাইন মুক্তির মধ্য দিয়ে নতুন করে আলোচনায় আসবে সিনেমাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর