টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, সুরতহাল ও তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।


