ফেনী সদর উপজেলায় ডাবের গাড়ির চাপায় শাহেদ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বালিগাঁও এলাকায় বাবার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে বালিগাঁও এলাকার মেকানিক ইসমাইলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শাহেদের বাবার দোকানের সামনে একটি ডাবের গাড়ি চালু অবস্থায় রাখা ছিল। শাহেদ সেখানে গিয়ে গাড়িটির সুইচে হাত দিলে এটি তার শরীরের ওপর উঠে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
কাছে থাকা তার বাবা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


