যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য বলে জানা গেছে।
সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয় নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির (আব্দুর রশিদ মোল্যা গং) বাগানের ভেতরে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, তার ভাই বাহারুল প্রায় ১৫ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝেমধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ঠোঁটের নিচে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত বুলেট ও লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


