জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে এক কিশোরীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) ও আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)। তারা দুজনই স্থানীয় বাসিন্দা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুজন পানিতে ডুবে যান। ঘটনার প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চার নারী ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠে আসতে পারলেও জুলিয়া ও রাবেয়া পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। উদ্ধার করে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে সহযোগিতা করেছে। দুর্ঘটনার পরই ওই পুকুরে জনসাধারণের প্রবেশ সীমিত করে নোটিশ দেওয়া হয়েছে।


