বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ঠিক একদিন পর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে রোববার বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য মো. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
তীব্র জ্বালানি ও গ্যাস সংকটের মধ্যে প্রায় দুই মাস পর বিপিসিতে এবং সাড়ে তিন মাসের বেশি সময় পর পেট্রোবাংলায় নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার।
গত ১৫ মে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বিএনপি সরকার। এর দুই দিন পর জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে ওএসডি করা হলে সংস্থাটির নিয়মিত চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে।


