ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার নিম্ন আদালতের অনুমতি দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আকতারুল ইসলাম জানান, নিম্ন আদালতের আদেশের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে এবং আদেশটি স্থগিতের জন্য দ্রুত উচ্চ আদালতে রিভিশন পিটিশন দায়ের করবে দুদক।
রোববার ওবায়দুল করিমের এক আবেদনের শুনানি শেষে আদালত তাকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেন। তারপর ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের কর্মকর্তরা বলছেন, ওবায়দুল করিমের বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে পাশাপাশি মামলাও আছে।
এ সব অভিযোগের মধ্যে আছে অবৈধ সম্পদ অর্জন, অর্থের অনিয়ম পাশাপাশি আর্থিক লেনদেনে অসংগতির বিষয়গুলো খতিয়ে দেখছে দুদক। এ অবস্থায় তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন।
কর্মকর্তারা বলছেন, চলমান আইনি কার্যক্রমের মধ্যে আসামি বা অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনের সুযোগ তৈরি হলে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ কারণে নিম্ন আদালতের আদেশটি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এখন উচ্চ আদালতে দুদকের রিভিশন আবেদনের ওপর শুনানি হলে ওবায়দুল করিমের বিদেশযাত্রার অনুমতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।


