জুলাইয়ের তুলনায় আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমার পেছনে মূল ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দাম কমে যাওয়া। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্য ও সেবা খাতে মূল্যস্ফীতি আগস্টে কিছুটা বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০১ শতাংশে নেমেছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে।
একই সময়ে শহরাঞ্চলেও সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্টে শহরে এ হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। শহরাঞ্চলে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।
এদিকে, আগস্টে দেশে মজুরি বৃদ্ধির হার কমেছে। এ মাসে জাতীয় পর্যায়ে মজুরি হারের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ আলোচিত তিন খাতের মধ্যে সেবা খাতেই মজুরি বৃদ্ধির গতি ছিল তুলনামূলক বেশি।


