গাইবান্ধায় চাঁদাবাজি মামলায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলার শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়। পরে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর কোর্টের জিআরও গোবিন্দ দাস বলেন, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


