গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে মো. জিন্দার আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা দুর্গাপুর গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জিন্দার আলী শেখ ওই গ্রামের মৃত জানু শেখের ছেলে।
পরিবার ও পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হন জিন্দার আলী। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ৬ সেপ্টেম্বর তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলীর বলে শনাক্ত করেন।
পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


