মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর পশ্চিমপাড়া এলাকার মুন্সিবাড়ি সংলগ্ন পুকুরের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শহর মুন্সির বাড়ির পেছনের পুকুর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে সিংগাইর থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


