ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত ও জখম হওয়ার পরে কুষ্টিয়ার একটি হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের বাসিন্দা। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজারে স্কুলের পাশে মোনায়েম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এসময় প্রতিপক্ষের অজ্ঞাত কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখবো। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


