রাজধানীর লালবাগের একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পিসি দাস স্ট্রিট লেনের একটি বাসার পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, তিশা স্বামী মনির হোসেন ও দুই সন্তানকে নিয়ে তিনি ওই বাসায় থাকতেন। তার স্বামী রাইড শেয়ারিং চালক হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দুপুরে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি ফাঁসি দেন। দেখতে পেয়ে স্বজনেরা খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।


