নেত্রকোনার খালিয়াজুরীতে ডোবার পানিতে পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশু ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলার ছলে অসাবধানতাবশত তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


