সাভারে র্যাব পরিচয়ে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার এ ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়িক কাজে হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করেন আর কে এন্টারপ্রাইজের কর্মচারী ইসরাফিল হক। পরে টাকার ব্যাগ নিয়ে তিনি হেমায়েতপুর এলাকায় সাভারমুখী লেন থেকে মহাসড়কের উত্তর পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একটি প্রাইভেট কারে থাকা চার ব্যক্তি তাকে আটক করেন।
অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ইসরাফিলকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করেন। পরে তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে করে পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা বিষয়টি পুলিশকে জানান। পরে গতকাল রাতে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


