পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা
খুলনার শিরোমণিতে ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফকির মাহবুব আনাম। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের পতিত ও অনাবাদি জমি কাজে লাগিয়ে এসব প্লান্ট স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার খুলনার শিরোমণিতে ক্যাবল শিল্প লিমিটেডে ১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধনের পর তিনি গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

মন্ত্রী জানান, জনগণ সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করলে ১ শতাংশ সুদে ঋণপ্রদানের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেবে সরকার। এ উদ্যোগের সুফল প্রচারে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতিষ্ঠানটির নিজস্ব উদ্যোগে স্থাপিত এই সোলার প্লান্ট বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং খুলনা বিভাগের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো. এনামুল হক, যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর