তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত দিল সম্মিলিত ব্যাংক

তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত দিল সম্মিলিত ব্যাংক
Advertisement
Advertisement

সম্মিলিত ইসলামী ব্যাংক তিন দিনের অর্থ ফেরত কর্মসূচিতে ২৬ হাজার ৫৬ জন আমানতকারীকে ১ হাজার ৪০ কোটি টাকা ফেরত দিয়েছে। একই সময়ে ব্যাংকে নতুন করে টাকাও জমা হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরছে ব্যাংকটি।

বুধবার ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক ৩৮১ কোটি টাকা উত্তোলন করেছেন। ৭ সেপ্টেম্বর অর্থ ফেরত দেওয়া শুরুর পর এক দিনে এটিই সর্বোচ্চ পরিশোধ।

৭ সেপ্টেম্বর প্রথম দিনে ৮ হাজার ১২৫ জন গ্রাহককে ৩১৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়। ৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে ৭ হাজার ২৩৪ জনকে দেওয়া হয় ৩৪০ কোটি টাকা। তৃতীয় দিনে পরিশোধের পরিমাণ বেড়ে ৩৮১ কোটি টাকা হয়েছে।

১, ২ ও ৩ সেপ্টেম্বর গ্রাহকেরা এসব টাকা উত্তোলনের আবেদন করেছিলেন। ওই তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

১ সেপ্টেম্বর ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর মধ্যে ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন ৩১৯ কোটি টাকা পান।

২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর মধ্যে ৮ সেপ্টেম্বর ৭ হাজার ২৩৪ জন ৩৪০ কোটি টাকা পান।

আরও পড়ুন

৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। এর মধ্যে বুধবার ১০ হাজার ৬৯৭ জন ৩৮১ কোটি টাকা উত্তোলন করেন।

ব্যাংকের তথ্য বলছে, গ্রাহকেরা যে পরিমাণ টাকা উত্তোলনের আবেদন করছেন, তার পুরোটা ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে না।

অন্যদিকে, স্বাভাবিক লেনদেন চালু হওয়ায় ব্যাংকে নতুন করে অর্থ জমা হচ্ছে। ৭ সেপ্টেম্বর নগদ ও আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে ১৪১ কোটি টাকা ব্যাংকে আসে। ৮ সেপ্টেম্বর আসে আরও ১৯৫ কোটি টাকা। দুই দিনে মোট জমা হয়েছে ৩৩৬ কোটি টাকা।

৭ সেপ্টেম্বর ব্যাংকটি ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন করে। ৮ সেপ্টেম্বর আরও ১৬ হাজার ৫০টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে নগদ অর্থের পাশাপাশি আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিং চ্যানেল ব্যবহার করা হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, বিশেষ অর্থ ফেরত কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও চলছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু করে। ৭ সেপ্টেম্বর থেকে অর্থ ফেরত দেওয়া শুরু হয়।

দীর্ঘদিনের আর্থিক সংকট ও তীব্র তারল্য ঘাটতির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের অনেক গ্রাহক স্বাভাবিকভাবে আমানত তুলতে পারছিলেন না। পরে পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর