সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এর (সুপ্রিম কোর্ট) রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আপাতত একই সঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
রোববার, রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৪ এর উপধারা ২ ও ৪ মোতাবেক সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে।


