দর্শকদের ঈদ আনন্দকে সুন্দর করতে টেলিভিশন চ্যানেলগুলো প্রতি বছরের মত এ বছরও নিয়ে এসেছে নানান আয়োজন। এর মধ্যে রয়েছে বিশেষ একক ও ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি শো ইত্যাদি।
বিটিভিতে মাত্র ৫ নাটক
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঈদে আয়োজন করেছে সাতদিনব্যাপী অনুষ্ঠান। গত তিন দশকের রীতি অনুযায়ী ঈদের পরদিন রাত আটটার সংবাদের পর প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বিটিভির নিজস্ব অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ। দুই প্রজন্মের তারকাদের নিয়ে দুই পর্বের ‘ঈদ আড্ডা’ প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায়। দুই পর্বের আড্ডা অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী ববিতা, দিলারা জামান, আইনুন পুতুল, সংগীতশিল্পী খুরশীদ আলম, লিজা ও মুহিন, অভিনেতা নীরব। তবে এবার বিটিভিতে মাত্র ৫টি নাটক প্রচারিত হবে। এগুলো হলো— অতীত ভালোবাসা, লাবণ্য, তস্কর কেরামতের জাদুর চটি, অনাবিল আনন্দ ও মিস একাল মি. সেকাল।
চ্যানেল আইয়ে ১৬ নতুন নাটক
বেসরকারী এ চ্যানেলটি ৮টি দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে চলচ্চিত্র ছাড়া রয়েছে ১৬টি নতুন নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াতের পরিচালনায় ‘সখিনা’। শ্যামল মাওলা ও মৌসুমী মৌ অভিনীত নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে। একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘সরল সত্যবাদী’। অভিনয় করেছেন মম, সাইকা, সালাহউদ্দিন লাভলু।
ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ঈদের ৩য় দিন ৭টা ৫০ মিনিটে নাটক ‘অন্ধ বালক’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ঈদের ৫ম দিন ৭টা ৫০ মিনিটে ‘ভেজা চোখ’। অভিনয়ে খায়রুল বাশার, তটিনী।
ঈদে মাছরাঙায় ৭ সিনেমা
মাছরাঙার সাত দিনব্যাপী আয়োজনে থাকছে সাতটি জনপ্রিয় সিনেমা। যার মধ্যে ‘উৎসব’ প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে। ‘কাজলরেখা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। ঈদের চতুর্থ দিন থাকছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ২০ মিনিটে। ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ২০ মিনিটে থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন।
দীপ্ত টিভিতে থাকছে ‘তান্ডব’সহ ১৪টি ছবি
চ্যানেলটি শাকিব খান অভিনীত ‘তান্ডব’ ঈদের দিন দুপুর ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে। এছাড়া তারা আরও ১৩টি বাংলা চলচ্চিত্র প্রচার করবে। ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে রাহমান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। ওইদিন দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জী পরিচালিত যৌথ প্রযোজনার ‘শিকারী। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জী পরিচালিত ‘নবাব’। ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ দুপুর ১টায় কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে রেজা লতিফের ‘মা বাবার স্বপ্ন’। এবং দুপুর ১টায় ‘নোলক’। ঈদের সপ্তম দিন প্রচারিত হবে আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’ দুপুর ১টায় এফ আই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’।
এটিএন বাংলায় ‘বরবাদ’
চ্যানেলটিতে ঈদের আগের দিনসহ মোট ৮দিন ব্যাপী অনুষ্ঠান প্রচার হবে। এর মধ্যে ঈদের পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। ঈদের দিন প্রচারিত হবে হানিফ সংকেত পরিচালিত নাটক ‘ভালোবেসে অবশেষে’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নাগরিক টেলিভিশনে ২৮ সিনেমা
ঈদে নাগরিক টেলিভিশন সেলিব্রিটি শো, একক নাটক, চলচ্চিত্রের পাশাপাশি রয়েছে ধারাবাহিক নাটক। তাদের সাতদিনব্যাপী ঈদ আয়োজনের প্রতিদিন রাত ৮টায় থাকছে ৭ পর্বের নাটক ‘ব্ল্যাক মানি’। রায়হান রাফি পরিচালিত নাটকটিতে রয়েছেন পূজা চেরী, রুবেল ও ইন্তেখাব দিনার। প্রতিদিন রাত ১০টায় থাকছে সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন পূজা চেরী, পূর্ণিমা, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, চাষী আলম, শাওন, শিরিন শীলা। তবে এবারের ঈদে সবচেয়ে বেশি চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি। ৭ দিনে মোট ২৮টি চলচ্চিত্র প্রচার করবে তারা। এগুলো হলো ‘ঊনিশ বিশ’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘তুফান’, ‘জংলী’, ‘টান’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘সুপার হিরো’, ‘নোলক’, ‘ভালোবাসা আজকাল’, ‘টপ হিরো’, ‘রক্ত’, ‘শিকারী’, ‘লাল শাড়ি’, ‘পোড়ামন ২’, ‘আমাদের ছোট সাহেব’, ‘বাদশা দ্য ডন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘হানিমুন’, ‘মনোগামী’, ‘অগ্নী ২’, ‘বিয়ে বাড়ি’, ‘হিরো ৪২০’, ‘ঢাকা অ্যাটাক’, ‘স্বপ্নের বাসর’, ‘অনেক সাধের ময়না’, ‘মুন্সিগিরি’, ‘ধ্যাততেরিকা’।


