মাদারীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী কুম্ভমেলা শুরু হয়েছে। বাংলা জৈষ্ঠ্য মাসের ১৩ তারিখকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে ৫০০ বিঘা জমিজুড়ে এ মেলার আয়োজন করা হয়েছে।
জানা যায়, বাংলা ১৩১২ বঙ্গাব্দ থেকে আনুষ্ঠানিকভাবে কুম্ভমেলার আয়োজন হয়ে আসছে। তবে প্রচলিত রয়েছে, প্রায় ১৩০ বছর আগে ১৩ জন সাধু ১৩ কেজি চাল ও ১৩ টাকা দিয়ে এই মেলার সূচনা করেন।
শুরুতে ছোট পরিসরে আয়োজন হলেও সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি ব্যাপক বিস্তৃতি লাভ করে। বর্তমানে মূল আয়োজন প্রায় ৩৫০ বিঘা জমিতে হলেও আশপাশের এলাকাসহ প্রায় ৫০০ বিঘা এলাকায় মেলার কার্যক্রম ছড়িয়ে পড়ে।
মেলা উদযাপন কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাদারীপুর জেলা শাখার সভাপতি জীবন বোস বলেন, ‘মেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক হরিদাস রায় বলেন, ‘মেলা শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশাসনের অন্য কর্মকর্তারাও সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।’
আয়োজকরা জানান, প্রায় ৫০০ বিঘা জমিজুড়ে বিস্তৃত এই মেলায় দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
মেলায় প্রতিবছর আনুমানিক ২০ লাখ হিন্দু ধর্মাবলম্বীর আগমন ঘটে। বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে ভক্তরা মেলায় অংশ নেন।


