জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৫৪তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবেশিকা অনুষ্ঠানটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালকমণ্ডলী ও প্রক্টর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রবেশিকা অনুষ্ঠান উপলক্ষে ওইদিন ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।


