রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪০টি মামলা করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এ ছাড়া দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


