দেশে ফেরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এজন্য ঢাকার তিনশ ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে।
রোববার থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী তিনশ ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরবেন তারেক রহমান। তাই মঞ্চ তৈরির কাজও চলছে জোরেশোরে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় নেমে বনানী-কাকলী হয়ে তিনশ ফিটে যাবেন। সেখানে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে দেশের মানুষরে উদ্দেশে বক্তব্য দেবেন।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেই তিনি আসছেন বলে জানা গেছে।


