বিএনপির সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, দাবি এনসিপির

বিএনপির সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, দাবি এনসিপির
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার (৪৮) হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির অভিযোগ, বিএনপির সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের সঙ্ঘবদ্ধ হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে বলা হয়, ‘গত সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। অভিযানের সময় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে দলটির সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে মব তৈরি করে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন র‍্যাব সদস্যকে জিম্মি করে মারধর ও গুলি করা হয়। এতে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া ‘শহীদ’ হন এবং আরও তিনজন সদস্য গুরুতর আহত হন।’

এনসিপির অভিযোগ, গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিএনপির অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েক শ’ নিজ দলীয় কর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন

জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন দলটি।

বিবৃতিতে জানানো হয়, সরকার যদি অবিলম্বে ‘জিরো টলারেন্স’ নীতিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অসম্ভব হয়ে পড়বে।

একই সঙ্গে সীতাকুণ্ডে বিএনপির কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে এই নৃশংস হামলার ঘটনা ঘটলেও দেশের অধিকাংশ গণমাধ্যম সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে গেছে বলে অভিযোগ করে দলটি। এটি সাংবাদিকতাকে ফ্যাসিস্ট আমলের মতো দলীয় আনুগত্যের কাছে সমর্পণের প্রতিফলন উল্লেখ করে দেশ ও জনগণের স্বার্থে গণমাধ্যমকে সাহসী, সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে বিএনপির উচিত দলীয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনা বলেও মনে করে এনসিপি। তা না হলে সহিংসতার দায় দলটিকেই নিতে হবে এবং আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে জানায় দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad