দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর (পুপরোয়া) সঙ্গে দেশের অন্যতম সংবাদমাধ্যম টাইমস অব বাংলাদেশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে টাইমসের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় টাইমস অব বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক জসীম আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক এম. আবুল কালাম আজাদ, উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন।
সভায় প্রধান সম্পাদক জসীম আহমেদ টাইমসের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পুপরোয়া নেতৃবৃন্দকে অবহিত করেন।
তিনি বলেন, পত্রিকাটি সাধারণ মানুষের অধিকার এবং দেশের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি যাতে গণমানুষের মুখপত্র হয়ে উঠতে পারে, সে বিষয়ে তিনি সংগঠনটির আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শিক্ষা নিয়ে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছেন প্রধান সম্পাদক। খুব শিগগির সাপ্তাহিক শিক্ষা পাতা চালু করার কথাও জানিয়েছেন প্রধান সম্পাদক।
পুপরোয়া’র পক্ষ থেকে মতবিনিময়ে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ (তুহিন) এবং সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) জনসংযোগ পরিচালক আবু সাদাত। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর ইতিবাচক অর্জনসমূহ গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক পেশাদারত্ব ও সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ব্র্যান্ডিং ও জনসংযোগ পরিচালক আল আমিন শিকদার শিহাব এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জাহিদ হাসান, দপ্তর ও প্রশিক্ষণ সম্পাদক ও সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ প্রধান নাহিদ হাসান, প্রচার সম্পাদক সাউথইস্ট ইউনিভার্সিটির হাসেম রনি, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির জনসংযোগ প্রধান মোশাররফ হোসেন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নুরুজ্জামান ফারাবী।


