সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল দোয়ারাবাজার থানার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক মানবপাচারকারী হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের আমির (২২)। আটক অপর দুজন যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার ফাতেমা (১৮)।
বিজিবির তথ্য অনুযায়ী, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছে এবং তাদের সঙ্গে দেখা করার উদ্দেশে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার কথা জানা গেছে। তারা হলেন দোয়ারাবাজারের চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। বিজিবির অভিযানের সময় তারা পালিয়ে যান।
আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


