গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ঝুট ও তুলার গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙ্গারি দোকান ও একটি মসজিদ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।


