কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সবজিবহনকারী পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তারা দুইজনই পিকআপের আরোহী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্র বলছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. সেলিম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


