গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ ও বিএনপি নেতা নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ ও বিএনপি নেতা নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় ওয়ার্ড বিএনপির এক সাংগঠনিক সম্পাদক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পুলিশসহ দুজন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে (৪৫) আটক করতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামানো হয়। সেখানে সড়কের পাশে স্থানীয় বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা ও গাড়িচালক।

এ সময় ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন এবং রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad