তারেক রহমানের জাপান সফরে থাকতে পারবেন না রাষ্ট্রদূত দাউদ আলী

তারেক রহমানের জাপান সফরে থাকতে পারবেন না রাষ্ট্রদূত দাউদ আলী
রাষ্ট্রদূত দাউদ আলী। ছবি: বাসস
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর টোকিও সফর নির্ধারিত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারক করবেন।

উচ্চপর্যায়ের কোনো কূটনৈতিক সফরের আগে রাষ্ট্রদূতকে এমন নির্দেশ দেওয়ার ঘটনা ‘ব্যতিক্রমী’ বলে জানিয়েছেন কূটনীতিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে সম্প্রতি মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। পরে তিনি টোকিও থেকে ঢাকায় ফিরে আসেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্পিত দায়িত্ব পালনে গত বুধবার টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

অবশ্য বৃহস্পতিবার পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে মো. দাউদ আলীকেই জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দেখানো হচ্ছিল।

সংশ্লিষ্ট বিষয়ে পাওয়া তথ্য অনুযায়ী, টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিগুলো মন্ত্রণালয় এমনভাবে সাজিয়েছে, যেন রাষ্ট্রদূতের অংশগ্রহণের প্রয়োজন না হয়।

আরও পড়ুন

সূত্রমতে, দাউদ আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গীও হচ্ছেন না।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ জাপান। এমন গুরুত্বপূর্ণ একটি দেশে প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে কর্মরত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা জল্পনা-কল্পনার জন্ম দিলেওএ সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, পেশাদার কূটনীতিক দাউদ আলী বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। চলতি বছরের ২৬ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

১৯৯৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন দাউদ আলী। প্রায় তিন দশকের কূটনৈতিক কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাপানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একই সঙ্গে মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত দায়িত্বও পালন করেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের মার্চে তাকে রোমানিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে দাউদ আলী চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনে বাংলাদেশের কূটনৈতিক মিশনেও কাজ করেছেন তিনি।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে দায়িত্ব পালনকালে তিনি কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।

দাউদ আলী ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমান দায়িত্ব গ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad