বিএনপি ছাড়ার আলোচনা: অভিন্ন ব্যানারে থাকতে চায় কওমি দল

বিএনপি ছাড়ার আলোচনা: অভিন্ন ব্যানারে থাকতে চায় কওমি দল
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা, বিদ্যমান রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সম্পর্ক এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে একটি মাদরাসায় হেফাজতে ইসলামের নেতৃত্বে সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ঐক্যপ্রক্রিয়ার কাঠামো, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।

বৈঠকসূত্র জানায়, দলগুলোর স্বতন্ত্র পরিচয় বজায় রেখে অভিন্ন ব্যানারে একসঙ্গে কাজ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে একসঙ্গে কাজ করবে কি না, তা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জোটগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি উঠে আসে।

এছাড়া জামায়াতে ইসলামী এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলোর নির্বাচনী অবস্থান নিয়েও আলোচনা হয়। নতুন অভিন্ন ব্যানারে এসব দলের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনাও আলোচনায় আসে।

অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্ত আরোপের বিষয়ে কিছু দলের আপত্তির বিষয়টিও বৈঠকে উঠে আসে।

আরও পড়ুন

বৈঠকসূত্র জানায়, বিএনপি ও জামায়াতের জোটে থাকা দলগুলোর সঙ্গে জোট ছাড়ার ব্যাপারে আলোচনা করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারে নি এখনও।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা টাইমসকে জানান, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দলগুলো জোট ছাড়তে এখনও অনিচ্ছুক। কিন্তু বিএনপির জোটভুক্ত দল শর্তসাপেক্ষে জোট ছাড়ার ব্যাপারে ইতিবাচক।

এ বিষয়ে আরও আলোচনা করে সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোর সম্পর্ক, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে অংশগ্রহণ এবং বিএনপির সঙ্গে জোটগত সম্পর্কের বিষয়েও আলোচনা হয়।

ঐক্যপ্রক্রিয়ার নীতিমালা ও কর্মপদ্ধতি চূড়ান্ত করতে আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে ৭টি দলের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। দলগুলোর বিভিন্ন দ্বিধাবিভক্তির মধ্যেই কওমী ঘরানার দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad