লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা হতে দেব না: এ্যানি

লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা হতে দেব না: এ্যানি
মহিলা দলের পরিচিতি সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

লংমার্চ ও রোড মার্চ করে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, সরকার ক্ষমতায় আসার ছয় মাসে যে উন্নয়নমূলক কাজ করছে, তা অতীতে হয়নি। এত উন্নয়নের পরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ ও লংমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, ‘এমনিতেই দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন। পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এখন আবার নতুন করে রোড মার্চ ও লংমার্চ করে সমাজে অশান্তি আনবেন, এটা হতে পারে না। আপনাদের লংমার্চ ও রোড মার্চ দেশের মানুষ পছন্দ করে না। সমাজে অশান্তি করবেন, সেটা হতে পারে না।’

ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা দেশের মানুষ পছন্দ করে না বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।

আরও পড়ুন

নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, একটি রাজনৈতিক দল সারা জীবন মিছিল-মিটিং করবে, এটাই কি কাজ হতে পারে? দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মের কাজও করতে হবে। সমাজে ধর্মের নামে যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো রোধে কাজ করতে হবে।

দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। মাদক বা সমাজে যেকোনো অপকর্ম করে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত বড় শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এজন্য যে যেখানে থাকুন না কেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলো পার করতে হবে।

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে রাখতে। আজকে একটা স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাব, গত তিন বছর আগেও আমরা এটা চিন্তা করিনি। কিন্তু আমরা পেয়েছি। এই স্বাভাবিক জীবনটাই আমাদের ধরে রাখা। ধরে রাখতে গেলে এত দিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad