রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় মুরগিবাহী অটোভ্যানে থাকা এক যুবক নিহত হয়েছেন। তার নাম শামীম (৩৫)। তিনি সিদ্ধিরগঞ্জে একটি মুরগির দোকানের কর্মচারী।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামে। বাবার নাম শাহজাহান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকতেন এবং সেখানে একটি মুরগির দোকানে কাজ করতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ভোরে ঢাকার কাপ্তান বাজার থেকে মুরগি কিনে অটো ভ্যানে করে নিয়ে সিদ্ধিরগঞ্জে নিয়ে যাচ্ছিলেন শামীম। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা শামীম মারা যান এবং আহত হন ভ্যানের চালক মো. রাসেল। খবর পেয়ে তাদের দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


