জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানো শুনানি পিছিয়ে আগামী ১৫ জুলাই তারিখ নির্ধারণ করেছে আদালত।
সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই তারিখ নির্ধারণ করেন। গত ৯ জুলাই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম।
সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন। তবে শুনানির সময় এই মামলার মূল নথী না থাকায় আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহবুব হাসান মামুন (৩৪)। ওইদিন বিকাল সাড়ে ৪ টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ব্যপক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।


