হামসহ অন্যান্য রোগের টিকা কার্যক্রমে গাফিলতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘সাধারণ আইনজীবীবৃন্দের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রায় ৫০ জন আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগপন্থী আইনজীবী। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবী জহিরুল ইসলাম মুকুল তাদের সরে যেতে বললে তারা মানববন্ধন শেষ করেন।
মানববন্ধন শেষে বক্তব্যে আইনজীবীরা বলেন, মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগমকে ইউনিসেফ থেকে সতর্ক করার পরও পূর্বের টিকা ব্যবস্থা পরিবর্তন করে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিসেফের অনুরোধ সত্ত্বেও তৎকালীন সরকারের গাফিলতির কারণে চারশ’র বেশি শিশু হাম টিকার অভাবে মারা যায়।
কায়েস আহমেদ অর্ণব বলেন, স্বাস্থ্যখাতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়। শুধু হাম টিকাই নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও তাদের গাফিলতি ছিল। তাদের বিচার হওয়া উচিত।
আইনজীবী সিলফাত আমিনুল করিম বলেন, ‘ওই সরকার পূর্বের চুক্তি বাতিল করলেও তার বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বর্তমান সরকারের কাছে এর বিচার চাই। এই শিশুদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।’
মানববন্ধন শেষে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে চারশ’র বেশি শিশু হাম রোগে মৃত্যুবরণ করেছে। এটি নিছক গাফিলতি হিসেবে আমরা দেখছি না; এটি অপরাধের পর্যায়ে পড়ে।’


