মাদকের টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাদকের টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
র‍্যাবের ব্রিফিং। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামী ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

মঙ্গলবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

তিনি জানান, সোমবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার স্বামী ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। এই দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের বরাত দিয়ে র‍্যাব জানায়, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত নাসিমার কাছ থেকে নেশার জন্য টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।

আরও পড়ুন

র‍্যাব-১ এর অধিনায়ক বলেন, ‘গত রোববার নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।’

হত্যাকাণ্ডের সময় তাদের আট বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে ঘরেই ছিল এবং তাদের সামনেই এ ঘটনা ঘটে।

লে. কর্নেল নেয়ামুল হালিম চৌধুরী আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ছায়েদুল ইসলামের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলার রেকর্ড নেই। তবে তিনি নিয়মিত মাদকাসক্ত ছিলেন। স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করতেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad