ঘড়ির কাঁটা প্রথম মিনিট পেরোতেই স্কটল্যান্ডের জালে জড়াল বল। উল্লাসে ফেটে পড়ল মরক্কো শিবির। এমন শুরু পেয়েও অবশ্য পরবর্তীতে প্রতিপক্ষকে খুব একটা চেপে ধরতে পারেনি তারা। তবে ধারহীন ফুটবল খেলা স্কটিশরাও ম্যাচে ঘুরে দাঁড়ানোর মতো তেমন কিছুই করতে পারেনি।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠেছে মরক্কো। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন ইসমায়েল সাইবারি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে স্কটল্যান্ডের রক্ষণে আক্রমণ করতে থাকে মরক্কো। ফলাফল পেতেও সময় লাগেনি। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর মাত্র দ্বিতীয় মিনিটে স্কটল্যান্ডের জালে বল জড়ায়। ব্রাহিম দিয়াজের পাস থেকে ডান পায়ের দারুণ শটে গোলটি করেন ইসমাইল।
এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে একটি রেকর্ডও গড়েন তিনি। সাইবারির দ্বিতীয় মিনিটে করা এই গোলটি বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোল। এবারের আসরে এটি সাইবারির দ্বিতীয় গোল। এর আগে, গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১–১ ড্র ম্যাচেও গোল করেছিলেন তিনি।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় একইভাবে খেলেছে মরক্কো। মাঝেমধ্যে জবাব দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি স্কটিশরা। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় স্কটিশরা, কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।
শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো গোল আর পায়নি স্কটল্যান্ড। ফলে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেছে মরক্কো।


