এবারের ফুটবল বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই হতাশা পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সেলেসাওদের।
সেই লক্ষ্যে শনিবার ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
মরক্কোর বিপক্ষে দলের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যে কারণে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই শুরুর একাদশে ওলট-পালটের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। হাইতির বিপক্ষে ঘোষিত একাদশেও দেখা গেল সেই প্রতিফলন।
সর্বশেষ ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন আনচেলত্তি। রাইট-ব্যাকে রজার ইবানেজের জায়গায় অভিজ্ঞ দানিলোকে একাদশে ফিরিয়েছেন তিনি। পাশাপাশি আক্রমণভাগে ধার বাড়াতে ইগর থিয়াগোকে বেঞ্চে বসিয়ে ম্যাথিউস কুনিয়াকে আবারও শুরুর একাদশে জায়গা দেওয়া হয়েছে।
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা আনচেলত্তির দলের মূল লক্ষ্য এখন পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়া। অন্যদিকে হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে রয়েছে। ফলে আজকের ম্যাচে ভালো ফল পেলে গ্রুপে টিকে থাকার আশা আরও শক্ত হবে তাদের।
ব্রাজিলের শুরুর একাদশ
অ্যালিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, ম্যাথিউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।


