বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্র করেছে ব্রাজিল। তাই ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে সেলেসাও ভক্তরা কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এর লড়াইয়ে সুবিধাজনক প্রতিপক্ষ পেতে হলে এই ম্যাচে শুধু জিতলে হবে না, বরং বেশ বড় ব্যবধানে জিততে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর এই জয় নিশ্চিত করতেই যেন অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন ব্রাজিলিয়ান সমর্থকেরা।
খেলার ভাগ্য নির্ধারণী ‘স্পোর্টস গডস’ বা ক্রীড়াদেবতাদের–বিশেষ করে ফিলাডেলফিয়ার স্থানীয় ফুটবল দেবতাদের কোনোভাবে চটাতে চান না তারা। তাই তো ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে অবস্থিত কিংবদন্তি ‘রকি স্ট্যাচুর’ চারপাশে রীতিমতো এক সুরক্ষাবেষ্টনী তৈরি করে রেখেছেন ব্রাজিলিয়ান ভক্তরা।
অতীতে যখন কোনো প্রতিপক্ষ দল ফিলাডেলফিয়ার স্থানীয় দলগুলোর বিপক্ষে খেলতে এসেছে, তখন বিপক্ষ দলের সমর্থকেরা একটা কাণ্ড করত। তারা এই কিংবদন্তি রকি মূর্তির গায়ে নিজেদের প্রিয় দলের জার্সি জড়িয়ে দিত। আর মজার ব্যাপার হলো, যতবারই তারা এই কাজ করেছে, প্রতিবার তার পরিণতি হয়েছে ভয়াবহ। প্রতিপক্ষ দলগুলো কেবল ম্যাচ হেরেই ফেরেনি, বরং হেরেছে অত্যন্ত নির্মমভাবে।
একদম সাম্প্রতিক ঘটনাটাই ধরা যাক–কয়দিন আগেই ইকুয়েডরের সমর্থকেরা এই মূর্তির গায়ে তাদের জাতীয় দলের জার্সি জড়িয়ে দিয়েছিল। ফল হলো, ৯০ মিনিটের মাথায় গোল খেয়ে আইভরি কোস্টের কাছে ম্যাচ হেরে বসে ইকুয়েডর।
ব্রাজিলিয়ান সমর্থকেরা এই ‘অপয়া’ কুসংস্কারের ব্যাপারটা বেশ গুরুত্বের সাথেই নিয়েছেন। তাই তারা ইনস্টাগ্রামে সতর্কবার্তা দিয়ে পর্তুগিজ ভাষায় লিখেছেন, ‘ফিলাডেলফিয়ার রকি মূর্তির গায়ে ব্রাজিলের জার্সি জড়ানো সম্পূর্ণ নিষেধ।’
এই ঘটনায় ফিলাডেলফিয়ার পর্যটন সংস্থা ‘ভিজিট পিএ’ ইনস্টাগ্রামে রসিকতা করে প্রতিক্রিয়া জানিয়েছে, ‘অসংখ্য ফুটবল দল এই রকি মূর্তিকে তাদের দলের জার্সি পরিয়েছে এবং পরবর্তীতে ম্যাচ হেরেছে। গত সপ্তাহে ইকুয়েডরও রকিকে জার্সি পরিয়েছিল। এটা কি কাকতালীয়? দুঃখজনক হলেও সত্য, ইতিহাস কিন্তু তা বলে না।’
তারা আরও যোগ করে, ‘ফিলাডেলফিয়া আপনাদের স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। তবে রকির আপনাদের জার্সির কোনো প্রয়োজন নেই।’
শুনলে হাসি পেতে পারে, তবে ব্রাজিলিয়ান সমর্থকেরা এই সতর্কবার্তা হেলায় উড়িয়ে দেয়নি, বরং বেশ দ্রুতই লুফে নিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকজন ব্রাজিলিয়ান ভক্ত মূর্তির চারপাশে জড়ো হন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ‘অপারেশন প্রটেক্ট রকি। সাবধান, রকিকে ভুলেও ব্রাজিলের জার্সি পরাবেন না।’
সমর্থকদের এই অভিনব প্রচেষ্টা শেষ পর্যন্ত মাঠে কতটা কাজে দেবে, তা তো সময়ই বলে দেবে। তবে দলের ভালোর জন্য ভক্তদের এমন অন্ধ বিশ্বাস আর আপ্রাণ চেষ্টার তারিফ না করে উপায় নেই।


