এখন কাজ করার সময়, সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

এখন কাজ করার সময়, সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস
Advertisement
Advertisement

যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান সরকার তাদের সহযোগিতার জন্য পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

আরও পড়ুন

অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আপনাদের অনেকে বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো কোটি মানুষের আপনাদের প্রয়োজন। এই দেশেরও প্রয়োজন আপনাদের।’

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ সফল অনেক উদ্যোক্তা উপস্থিত ছিলেন। সেখানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবির সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়।

পরে স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নির্বাচিত ছয় উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad