প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু তিন ম্যাচের বেশি খেলতে পারলেন না এই বাঁহাতি ওপেনার। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে গেল ৩ এপ্রিল লাহোর কালান্দার্সের হয়ে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি, ছিটকে যান পুরো পিএসএল থেকেই। বিসিবির অনাপত্তিপত্র ২০ এপ্রিল পর্যন্ত থাকলেও চোটের কারণে দেশে ফিরেছেন রোববার।
দেশে ফেরার পর তার যাবতীয় পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ জানায়, পুনর্বাসনের জন্য আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে ২৭ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ সামনে থাকায় শঙ্কা জেগেছে চোট নিয়ে।
যদিও বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম আশা করছেন, পুরো ফিট ইমনকেই পাওয়া যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তাকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ইমনকে ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়ায় রাখা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফের সদস্যরা এর তত্ত্বাবধানে থাকবেন। এই মাসের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই তার সেরা ওঠার আশা করছি।’
এবারের পিএসএলে লাহোরের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হন ইমন। তবে তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার।


