টেকনাফের শাহপরীতে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মঙ্গলবার মধ্যরাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত মাদক কারবারিরা দ্রুত পার্শ্ববর্তী গোলারচরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে সেই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। জব্দ করা ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


