সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জেলার শিক্ষা খাতের বিদ্যমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের পরিকল্পিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি বিগত সরকারের অবহেলার কারণে আজও বাস্তবায়িত হয়নি।’
এ অঞ্চলের শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি দ্রুত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) রাজনীতিমুক্ত রেখে এর উন্নয়নে বিশেষ বরাদ্দের অনুরোধ করেন তিনি।
সিলেট জেলার শিক্ষাব্যবস্থার নাজুক চিত্র তুলে ধরে শ্রমমন্ত্রী জানান, জেলায় বর্তমানে ৮৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক ও ভবন সংকট প্রকট।
অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব পদ শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে কার্যক্রম চলছে।
তিনি কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজকে সরকারিকরণ এবং আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষামন্ত্রীর আশ্বাস
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, সরকার জাতীয় উন্নয়নে শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যমান শূন্যপদগুলো পূরণ করা হবে। সিলেটের শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় সকল অবকাঠামোগত সহযোগিতা প্রদানেরও প্রতিশ্রুতি দেন তিনি।


