নীলফামারীতে নাশকতাসহ বিভিন্ন অপরাধ মামলায় নিষিদ্ধ উপজেলা যুবলীগের এক সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার আসমিরা হলেন–ডোমার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ বিন রশিদ ওরফে দীপ (৪২), সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান সরকার (৩২), ডোমার উপজেলার ৭ নম্বর বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়হরি রায় (৪৮), নীলফামারী সদর উপজেলার ১২ নম্বর সংগলশী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক (৩৬)।
এ ছাড়া, ডিমলা উপজেলার ৭ নম্বর খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দারোগ আলী সিকদার (৪০), ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রবীর কুমার নন্দ (৫৬) এবং কিশোরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের থানা কমিটির সদস্য মো. মিস্টার রহমান (৩৬)।
জেলা পুলিশ জানায়, নাশকতা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মামলার ভিত্তিতে বিভিন্ন উপজেলায় এক সঙ্গে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চালানো হয়। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, নাশকতাসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলার ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম জানায়, চলমান ডেভিল হান্ট অভিযানে গত সাত দিনে এ পর্যন্ত জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, বুধবার চারজনকে, বৃহস্পতিবার সাত, শুক্রবার পাঁচ, শনিবার পাঁচ ও রোববার নয়, সোমবার ছয় এবং মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে রাজনৈতিক পরিচয় নয় অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাশকতা, সংঘাত ও অন্যান্য অভিযোগসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


