রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের এদিন আদালতে পাঠানো হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।
আসামিরা হলেন–মো. রাফি, মো. আব্দুল্লাহ, কাব্য রহমান, মো. আল আমিন, মো. আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন, আবরার আবেদীন খান, মো. আশরাফ আলী, মো. মাহিম দেওয়ান, মো. জনি, মো. আবুল হাসান, মো. মামুন, মো. পারভেজ, মো. জিসান, মো. মোশারফ হোসেন, রাবায়াত ইসলাম, মো. নাহিদ, মো. একরামুল হক সম্রার্ট, সিজান, তাসকিম খান, মো. রিয়াদ খান ও শ্রী অমূল্য রবী দাস।
এ সময় আসামিদের কাছ থেকে হেরোইন, এক বোতল মদ, তিন পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া লিনেক্স ব্র্যান্ডের একটি মোবাইল উদ্ধার করা হয়।
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ। আসামিরা হলেন– মো. অভি (২০) ও মো. তৌহিদুজ্জামান (২৯)।
সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ পিস ইয়াবাসহ মাদক কারবারি অভিকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ৬১৫ পিস ইয়াবাসহ তৌহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রি করত উল্লেখ পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়।


