ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (৩৭) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
ওমর ফারুক ফারুকী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক প্রধান আসামি ফয়সাল আহমেদ আটটি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত চেয়ে আবেদন করেছিল। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করা হয়েছে।
এর আগে, সোমবার আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুথপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি।
হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলা দায়েরের পর এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


