ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরচালিত পাখিভ্যানের চাপায় রাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া ওই গ্রামের রাহাজ উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও স্বজনরা জানিয়েছেন, সকালে বাড়ির পাশের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল রাফিয়া। এ সময় একটি মোটরচালিত পাখিভ্যান তাকে চাপা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।


