নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃওরা হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পিছনে এ ঘটনা ঘটে।
আহত রাকিব একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
অভিযোগ করে তিনি বলেন, রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে বাসায় যাওয়ার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একদল অস্ত্রধারী তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়।
সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তার কাছে এক লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়। একপর্যায়ে তিনি পাশের ডোবায় লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান।
এ ঘটনায় অভিযুক্তদের মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, আহত ব্যক্তির শরীরে একটি ২ দশমিক ২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


