বগুড়ার শেরপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকালে উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় মাতবররা গ্রাম্য সালিসে মীমাংসার চেষ্টা করছেন এবং ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপে বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকালে শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির শারীরিক অবস্থা ও পোশাক দেখে তার মা তাৎক্ষণিকভাবে তা শিশুটির বাবাকে অবহিত করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাটি জানার পর তারা আইনের আশ্রয় নিতে চাইলে স্থানীয় প্রভাবশালী মাতবর ও সাবেক ইউপি সদস্য আশরাফুল আলম গাদু, শাহিন আকন্দ ও সোরাউদ্দিন বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করে দেওয়ার কথা বলে তাদের ওপর চাপ সৃষ্টি করেন।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমি গরিব মানুষ। ঘটনার পর গ্রামের মাতবররা এসে সালিশে মীমাংসা করে দেওয়ার কথা বলে চাপ সৃষ্টি করেছেন। তারা আমাদের থানায় গিয়ে আইনের আশ্রয় নিতে দেননি।’
অভিযুক্ত কিশোরের বাবা করিম বলেন, ‘যেহেতু ছেলে অপরাধ করেছে, তাই যে বিচার হবে তা মেনে নিতে হবে। মাতবর সাবেক মেম্বার আশরাফুল আলম গাদু, শাহিন আকন্দ ও সোরাউদ্দিন সালিসে বিষয়টির মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


