জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে স্থাপনার নকশা তৈরি করা এখন অপরিহার্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম।
তিনি বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয়, এটি সংস্কৃতি, সমাজ ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত এক জীবন্ত শিল্প। একজন স্থপতির কাজ শুধু কাঠামো দাঁড় করানো নয়, বরং মানুষের জীবন, পরিবেশ ও সময়ের সঙ্গে সংলাপ তৈরি করা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন’ আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী এই স্থপতি এসব কথা বলেন।
‘বিটুইন ইরোশন অ্যান্ড ইমারজেন্সি’ শীর্ষক উপস্থাপনায় তিনি তার কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘আমাদের তৈরি স্থাপনা যেন এই মাটির বাস্তবতার সঙ্গে মিশে থাকে। জলবায়ু, নগরায়ণ ও মানুষের জীবনের পরিবর্তনের সঙ্গে স্থাপত্যের ভাষাও বদলাতে হবে।’
চরাঞ্চলের মানুষের জীবনযাপন ও বাসস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচা চরাঞ্চলের মানুষের জন্য টেকসই, স্থানভিত্তিক ও পরিবেশ-উপযোগী নকশা প্রয়োজন। স্থাপত্যে নতুন ধারণা প্রয়োগ করে তাদের জীবনমান উন্নত করা জরুরি।
মেরিনা তাবাসসুম জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও স্থানান্তরযোগ্য ঘর নির্মাণ নিয়ে তার দল বিভিন্ন প্রকল্পে কাজ করছে। এসব প্রকল্পে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে, যেন নকশা তাদের বাস্তব প্রয়োজন থেকে আসে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ স্থাপনা বানানো নয়, মানুষ ও পরিবেশের মধ্যে ভারসাম্য তৈরি করা। চরাঞ্চলের মানুষের আত্মনির্ভরতা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের সিনিয়র অ্যাডভাইজর, আরকিকানেক্টের প্রতিষ্ঠাতা ও সিইও স্থপতি জালাল আহমেদ বলেন, বাংলাদেশের স্থাপত্য ইতোমধ্যে বিশ্বপরিসরে নিজস্ব পরিচয় তৈরি করেছে। মেরিনা তাবাসসুম আমাদের গর্ব এবং নতুন প্রজন্মের পথপ্রদর্শক।
সেমিনারের উপস্থাপনা করেন স্থপতি মৌসুমী আহমেদ। পরে স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন প্রফেসর জায়নাব ফারুকী আলী, স্থপতি নাহাস আহমেদ খলিল ও প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, স্থাপত্য ও সিরামিক শিল্প পরস্পরের পরিপূরক। শিল্প, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে এই খাতকে আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে দেশের শীর্ষ স্থপতি, প্রকৌশলী, সিরামিক শিল্প উদ্যোক্তা, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং খাত-সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


